
ঋণসংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে ঢাকাই সিনেমার অভিনেতা অনন্ত জলিলের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক ওমর সানী। অনন্তকে ‘সত্যিকারের ফাইটার’ উল্লেখ করে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি খুব সহজেই সামলে নিতে পারবেন এই অভিনেতা।
রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। সেখানে অভিনয়, ব্যক্তিগত জীবন ও ব্যবসার পাশাপাশি অনন্ত জলিলকে নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন তিনি।
ভিডিওতে অনন্ত জলিল সম্পর্কে ওমর সানী বলেন, ‘তার সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি দারুণ মনের মানুষ এবং একজন সত্যিকারের ফাইটার। যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমার মনে হয় না এটা তার জন্য খুব বড় কোনো ব্যাপার। তিনি খুব সহজেই এটি সামলে নেবেন।’
সমালোচকদের উদ্দেশে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ হয় না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই। আমার বিশ্বাস, তিনি খুব সংক্ষেপে এর সমাধান করে ফেলবেন।’
অনন্ত জলিলকে শুভকামনা জানিয়ে ওমর সানী আরও বলেন, এ ধরনের গসিপ বা আলোচনা না হলেই ভালো হতো। যেহেতু ঘটনা ঘটেছে, তাই বিষয়টি সংক্ষেপে মিটিয়ে ফেলার পরামর্শ দেন তিনি। অনন্তের স্ত্রীকে ছোট বোনের মতো স্নেহ করেন বলেও জানান এই অভিনেতা।
ভিডিওতে অনন্ত জলিল প্রসঙ্গের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততা নিয়েও কথা বলেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত থাকা এই তারকা জানান, হেমায়েতপুরে নিজের রেস্টুরেন্টে যাওয়ার সময় প্রায়ই অনন্ত জলিলের গার্মেন্টসের পাশ দিয়ে যাতায়াত করেন তিনি।
রেস্টুরেন্টে বসে ব্যবসা পরিচালনা করা নিয়ে যারা তাঁকে ট্রল বা সমালোচনা করেন, তাঁদের জবাবও দেন ওমর সানী। তিনি বলেন, ‘আমি ভাত, রুটি, পরোটা, পেঁয়াজ, লবণ ও আদার ব্যবসা করি। এতে লজ্জার কিছু নেই।’
পাশাপাশি ভালো চরিত্র পেলে নিয়মিত অভিনয় চালিয়ে যাওয়ার আগ্রহের কথাও জানান তিনি। অভিনয়ের প্রতি নিজের ভালোবাসা বোঝাতে গিয়ে ওমর সানী বলেন, অভিনয় তাঁর কাছে ইনসুলিনের মতো, যা তাঁকে নিতেই হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025