
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় সালনা, মাস্টারবাড়ি ও শ্রীপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকার বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার শ্রমিকদের আন্দোলন ছিল চান্দনা চৌরাস্তা, ভোগরা ও সাইনবোর্ড এলাকায়। তবে বৃহস্পতিবার এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার কয়েকটি স্থানে শ্রমিকেরা আন্দোলনে নামেন।
পরে মাস্টারবাড়ি এলাকায় পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকেরা শ্রীপুর ও সালনা এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অঞ্চলে কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে নামার চেষ্টা করছেন। তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তিনি আরও জানান, বৃহস্পতিবারও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। তবে বন্ধ কারখানার সংখ্যা পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025