
ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখতে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২০ বিঘা জমির ওপর মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। প্রকল্পটি বাস্তবায়নে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে।
উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, মসজিদটির স্থাপত্যে অযোধ্যার বাবরি মসজিদের আদল অনুসরণ করা হবে। এতে থাকবে তিনটি গম্বুজ ও মোগল স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য। পাশাপাশি আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ও করা হবে।
কলাতিয়ায় এক যুগের বেশি সময় ধরে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামে একটি কওমি মাদরাসার কার্যক্রম চলছে। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই বড় পরিসরে মসজিদ-মাদরাসা কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মূল উদ্যোক্তা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী। তবে ২০২১ সালের রাজনৈতিক পরিস্থিতিতে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তাঁদের দাবি, ওই সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রায় চার বছর প্রকল্পটির নির্মাণকাজ বন্ধ ছিল।
২০২৪ সালের ৫ আগস্টের পর আবার প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে প্রকল্প এলাকার মাটি ভরাটের কাজ শেষ হয়েছে এবং কমপ্লেক্সের সঙ্গে সংযোগ স্থাপনে প্রায় ৭০০ ফুট সড়ক নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মামুনুল হক বলেন, অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই মসজিদটির একই নাম রাখা হয়েছে। দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে মূল প্রকল্পের নকশা তৈরির কাজ চলছে। চলতি বছরেই মূল মসজিদের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে মূল মসজিদের পাশাপাশি অস্থায়ীভাবে পাঁচ হাজার বর্গফুটের একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর সঙ্গে সমপরিমাণ উন্মুক্ত বারান্দা রাখার কথা রয়েছে। স্থানীয় মুসল্লি ও মাদরাসার শিক্ষার্থীদের নামাজের ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের সুবিধাও রাখা হবে।
প্রকল্পের পরবর্তী কাজ এগিয়ে নিতে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করছেন উদ্যোক্তারা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইনে tagleebedin.com/babri-masjid ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। বিকাশ ও নগদের মাধ্যমে 01737241621 নম্বরে অর্থ পাঠানোর কথাও জানানো হয়েছে।
ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠাতে হিসাবের নাম দেওয়া হয়েছে Babri Masjid Dhaka। হিসাব নম্বর 20506640200295607। ব্যাংক হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কলাতিয়া বাজার সাব-শাখা, ঢাকা।
অনুদানসংক্রান্ত তথ্য জানতে উদ্যোক্তাদের পক্ষ থেকে 01339-491061 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এসব অনুদানসংক্রান্ত তথ্য প্রকল্পের উদ্যোক্তাদের দেওয়া; অর্থ পাঠানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হিসাবের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025