
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ কার্যক্রম শুরুর জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যা দেখা না দিলে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার কার্যক্রম শুরু হতে পারে। এ লক্ষ্যে বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে কেন্দ্রটির পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যেতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরেই এ পরিমাণ বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করেই পুরো কার্যক্রম শেষ হবে না। বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পর কয়েক দিন উৎপাদন ও গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ সময় কোনো কারিগরি ত্রুটি বা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। সবকিছু সন্তোষজনক হলে বায়েরা পরবর্তী অনুমোদন দেবে। এরপর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।
এ বিষয়ে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহের প্রতিটি পর্যায় পর্যবেক্ষণ করা হবে। কোনো সমস্যা নেই বলে নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধনের ব্যবস্থা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। তবে অনুষ্ঠান আয়োজনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সময়সূচি বিবেচনায় নিয়ে ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহের পরিমাণ বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিগত ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে এখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025