
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি দেশের নিজস্ব আর্থসামাজিক পরিস্থিতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। দেশটির মতে, কয়লানির্ভর শিল্পের সঙ্গে যুক্ত লাখো মানুষের কর্মসংস্থান ও জীবিকার বিকল্প নিশ্চিত না করে দ্রুত জ্বালানি রূপান্তর করা হলে বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে।
তাই সব দেশের জন্য একই ধরনের নীতি বা বাধ্যবাধকতা আরোপ না করে জাতীয় বাস্তবতা ও উন্নয়ন অগ্রাধিকার অনুযায়ী জ্বালানি রূপান্তরের পথ নির্ধারণের পক্ষে অবস্থান নিয়েছে নয়াদিল্লি।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ ভারতের এ অবস্থান তুলে ধরেন দেশটির পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব। গত ১৬ নভেম্বর ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায়সংগত জ্বালানি রূপান্তরবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন, জাতীয় সার্বভৌমত্ব ও ভিন্ন ভিন্ন বাস্তবতাকে সম্মান জানিয়ে দুই স্তরবিশিষ্ট, দেশগুলোর নির্দেশনাভিত্তিক একটি ব্যবস্থা কার্যকর করতে চায় ভারত।
ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের প্রকাশিত বক্তব্য অনুযায়ী, জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, জলবায়ু অভিযোজন, দারিদ্র্য বিমোচন, জ্বালানির সহজলভ্যতা ও টেকসই উন্নয়নকে একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ জন্য উন্নয়নশীল দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়ার ওপরও জোর দিয়েছেন ভূপেন্দ্র যাদব।
তাঁর মতে, সব দেশের ওপর একই ধরনের বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া কিংবা শিল্পভিত্তিক অভিন্ন নির্দেশনা তৈরি করে ন্যায়সংগত জ্বালানি রূপান্তর সম্ভব নয়। বরং প্রতিটি দেশকে নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিতে হবে। প্রস্তাবিত ব্যবস্থায় নতুন বাধ্যবাধকতা তৈরি না করে কারিগরি সহায়তা, দক্ষতা উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে দেশগুলোকে সহায়তা করার কথা বলেছে ভারত।
ভারতের এ অবস্থানের পেছনে রয়েছে দেশটির কয়লানির্ভর অর্থনীতি ও বিপুলসংখ্যক মানুষের জীবিকার প্রশ্ন। দেশটির নীতি আয়োগের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ও মধ্য ভারতের ১৫০টির বেশি জেলার অর্থনীতি জীবাশ্ম জ্বালানির সরবরাহব্যবস্থার ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। এসব অঞ্চলে প্রায় এক-তৃতীয়াংশ মানুষের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাতের সঙ্গে যুক্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়লাখনি, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র, জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট উৎপাদনশিল্প এবং সংশ্লিষ্ট সেবাখাতে বিপুলসংখ্যক মানুষ কাজ করেন। এসব খাতের আনুষ্ঠানিক কর্মীর পাশাপাশি অনানুষ্ঠানিক শ্রমিকের সংখ্যাও উল্লেখযোগ্য। কয়লাশিল্প সংকুচিত হলে শুধু খনি বা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক নন, পরিবহন, পণ্য সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও স্থানীয় ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন।
নীতি আয়োগের প্রতিবেদনে খনিভিত্তিক কর্মসংস্থানের একটি পূর্বাভাসও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে প্রায় ১ লাখ ৭৮ হাজার আনুষ্ঠানিক কর্মসংস্থান প্রভাবিত হতে পারে। অনানুষ্ঠানিক খাতে এর বাইরে অন্তত দ্বিগুণ কর্মসংস্থান ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। শ্রমিকদের নতুন দক্ষতা অর্জন ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা না থাকলে কয়লানির্ভর অঞ্চলগুলোতে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে।
অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভারতের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় পরিবর্তন আসছে। দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর ভারতের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ৫৫৮ দশমিক ৯ গিগাওয়াট। এর মধ্যে কয়লাভিত্তিক সক্ষমতা ছিল প্রায় ২৩১ দশমিক ৪৪ গিগাওয়াট বা মোট সক্ষমতার ৪১ দশমিক ৪১ শতাংশ। একই সময়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা ছিল ২৯৯ দশমিক ২৫ গিগাওয়াট, যা মোট সক্ষমতার ৫৩ দশমিক ৫৪ শতাংশ।
তবে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়লেও ভারতের বিদ্যুৎ ও শিল্প খাতে কয়লার গুরুত্ব এখনো রয়ে গেছে। দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ। ফলে কয়লানির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে কর্মসংস্থান, রাজস্ব আয় এবং স্থানীয় অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব বড় বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।
কয়লানির্ভর রাজ্যগুলোর জন্য এ চ্যালেঞ্জ আরও জটিল। খনি ও তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হলে সংশ্লিষ্ট শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান, পুনঃপ্রশিক্ষণ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কয়লার ওপর নির্ভরশীল স্থানীয় ব্যবসা ও রাজস্ব আয়ের বিকল্প উৎস গড়ে তুলতে হবে। অন্যথায় জ্বালানি রূপান্তরের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাবে না।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো জরুরি হলেও এ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও জনগোষ্ঠীর জন্য আগাম পরিকল্পনা থাকা প্রয়োজন। পর্যাপ্ত অর্থায়ন, বিকল্প কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক পুনর্বাসন নিশ্চিত করা না গেলে জ্বালানি রূপান্তরের সামাজিক ব্যয় অনেক বেশি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025