
দেশের তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ৬৪ জেলায় বিনা মূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
প্রশিক্ষণে আবেদন করতে হলে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।
প্রশিক্ষণে যেসব সুবিধা মিলবে
এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ হলে সনদ দেওয়া হবে।
যে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ হবে
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে।
প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ।
প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
অন্যদিকে প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ উদ্যোগ।
যুব উন্নয়ন অধিদপ্তরের এ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার তরুণ-তরুণীরা বিনা খরচে এআই প্রযুক্তির মৌলিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025