দক্ষিণ কোরিয়ায় ঘরোয়া আয়োজনে প্রবাসীদের জন্মদিন উদযাপন
কোরিয়া প্রতিনিধি:
বিদেশের মাটিতে কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে নিজেদের সংস্কৃতি ও স্বজনপ্রীতির ঐতিহ্যকে নতুন করে উদ্ভাসিত করলেন দক্ষিণ কোরিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশীরা। সম্প্রতি আয়োজিত একটি ঘরোয়া জন্মদিনের উৎসবে প্রবাসীরা একত্রিত হয়ে প্রমাণ করেছেন—ভৌগোলিক দূরত্ব যতই থাকুক, হৃদয়ের টান ও ভ্রাতৃত্বের বন্ধন প্রবাসেও সমান অটুট।
বাংলাদেশী প্রবাসী মো: দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ ঘরোয়া ও পারিবারিক আমেজে উদযাপিত এই মুহূর্তটির মূল কেন্দ্রবিন্দু ছিলেন জন্মদিনের শুভাকাঙ্ক্ষী মো: নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মো: হাবিব মিয়া ও জাহিদুল ইসলামসহ অনেকে।
উৎসবের একপর্যায়ে কেক কাটার মধ্য দিয়ে উল্লাসে মেতে ওঠেন উপস্থিত সবাই। তবে কেবল জন্মদিনের আনুষ্ঠানিকতাই নয়, প্রবাস জীবনের হাড়ভাভা খাটুনি ও একাকীত্বের ক্লান্তি ভুলে এক সাথে কাটানো এই আনন্দঘন সময়টুকু যেন সবাইকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল প্রিয় মাতৃভূমির উষ্ণতায়।
উপস্থিত অতিথিরা জানান, পরবাসের যান্ত্রিক জীবনে এই ধরনের ঘরোয়া আয়োজন কেবল আনন্দই যোগায় না, বরং প্রবাসীদের মাঝে সৌহার্দ্য ও আন্তঃসম্পর্ককে আরও সুদৃঢ় করে। প্রবাসে বাংলাদেশী কমিউনিটির এই ঐক্য ও ভালোবাসার মেলবন্ধন সবার মাঝে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

