
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহন তল্লাশির বিষয়েও বলা হয়েছে।
বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বলা হয়েছে।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025