
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। তবে এটি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে এগোবে বা কোথায় আঘাত হানতে পারে, তা এখনো নিশ্চিত নয়।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এটি প্রথমে সুস্পষ্ট নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৬ নভেম্বরের মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রের ওপর ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হতে পারে। ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর শক্তি, গতিপথ ও সম্ভাব্য উপকূলীয় প্রভাব সম্পর্কে চূড়ান্ত ধারণা পেতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।
ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ নিয়ে বিভিন্ন আবহাওয়া মডেলে ভিন্ন ভিন্ন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কিছু পূর্বাভাসে ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে এগোনোর সম্ভাবনার কথা বলা হয়েছে। আবার অন্য কিছু মডেলে বাংলাদেশের উপকূলের দিকেও যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইকের ১৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ১৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে বলে একটি সম্ভাব্য পূর্বাভাস রয়েছে। তবে ভারতের আবহাওয়া অধিদপ্তর এখনো নির্দিষ্ট কোনো উপকূলে আঘাত হানার বিষয়ে আনুষ্ঠানিক পূর্বাভাস দেয়নি।
এদিকে আবহাওয়াবিষয়ক বিভিন্ন পূর্বাভাসে ওডিশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও উত্তাল সমুদ্র পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সূত্র: ওড়িশা টিভি
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025