
মোঃবাবলু মিয়া, নাগেশ্বরী প্রতিনিধি,
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলা থেকে কচুয়ারপাড় (মাধাই খাল) সংযোগকারী সেতুটি দীর্ঘ ৩৯ বছর ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দুই প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে বর্ষা ও বন্যার সময় সেতুটি ভয়াবহ রূপ ধারণ করে, ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
দীর্ঘদিন সরকারি কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর ভোগান্তি লাঘবে এক সময় এগিয়ে আসেন তৎকালীন ওয়ার্ড সদস্য মো. আবুল হোসেন ব্যাপারী। তিনি নিজস্ব অর্থায়নে কাঠের পাটাতন বসিয়ে সেতুটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দেন। এরপর দীর্ঘ সময় ধরে ঝুঁকি নিয়েই মানুষ সেই কাঠের সেতু ব্যবহার করে আসছে।
তবে প্রয়োজনীয় সংস্কারের অভাবে বর্তমানে কাঠের কাঠামোটিও নড়বড়ে হয়ে গেছে। অনেক জায়গায় পাটাতন ভেঙে পড়েছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
জামতলা ও কচুয়ারপাড় এলাকার মানুষের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সচল রাখতে সেতুটির দ্রুত পুনর্নির্মাণ বা স্থায়ী সংস্কার অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা অভিযোগ করেন, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তব কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এলাকাবাসীর দাবি, শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে এবং জনদুর্ভোগ লাঘব কর।
Post Views: 38