
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, নকল-ভেজাল পণ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৩৪টি জেলায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২২ নভেম্বর) ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ৭৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৪৮টি দল এদিন পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। বাজারে পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে তদারকি করা হয়।
অভিযানে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না, সেসব বিষয়েও নজরদারি করা হয়। নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি বন্ধের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি এবং সংশ্লিষ্ট আইন মেনে চলার বিষয়েও অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পণ্য বিক্রির ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়। কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো বা অযৌক্তিকভাবে মজুদ না করার বিষয়েও ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের বাবুরহাট বাজারে শুঁটকি মাছের দোকানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শুঁটকি মাছে কৃত্রিম রং মেশানো, পচা ও নষ্ট শুঁটকি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাছ রাখার বিষয়টি শনাক্ত করা হয়।
এসব অপরাধে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা, আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পচা ও নষ্ট শুঁটকি এবং ব্যবহৃত রং ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অন্যদিকে, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফিডের দোকানে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফিড বিক্রির অপরাধ শনাক্ত করা হয়। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
বাজার তদারকির পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়। অভিযানের সময় বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেন।
এদিকে, বাজারে অপ্রয়োজনীয় চাপ তৈরি না করতে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, পণ্য কেনার আগে মূল্যতালিকা ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য যাচাই করতে হবে। পাশাপাশি পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে কেনা এবং সঠিক ওজন নিশ্চিত করা জরুরি।
পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার বা ক্রয় রসিদ সংগ্রহেরও পরামর্শ দেওয়া হয়েছে। এতে কোনো পণ্যের দাম, ওজন বা মান নিয়ে পরবর্তী সময়ে অভিযোগ উঠলে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করা সহজ হবে। ভোক্তাদের সঙ্গে প্রতারণা, অতিরিক্ত মূল্য আদায় কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ বজায় রাখতে দেশব্যাপী এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। তবে বাজারে অনিয়ম প্রতিরোধে শুধু অভিযান নয়, ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের সচেতনতা এবং নিয়মিত আইন মেনে চলাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025