
পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করতে শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। কারখানায় বহিরাগতদের প্রবেশ ঠেকানো এবং ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৯ নভেম্বর সংগঠনটির সদস্য কারখানার মালিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোশাকশিল্পের কারখানাগুলোতে সাম্প্রতিক শ্রম অসন্তোষের মধ্যে সকালে কাজে প্রবেশের সময় কয়েকটি কারখানায় বহিরাগত ব্যক্তিরা শ্রমিকদের ভিড়ে ঢুকে পড়ছেন। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। ফলে একদিকে কারখানার জানমালের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এ ছাড়া বহিরাগতদের প্রবেশের কারণে সাধারণ শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরির আশঙ্কাও দেখা দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে সকালে শ্রমিক-কর্মচারীরা কারখানায় প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখছেন কি না, তা নিশ্চিত করতে সদস্য কারখানাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।
একই সঙ্গে পর্যাপ্তসংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োজিত রেখে পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে শ্রমিকদের কারখানায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং কারখানার ভেতরে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের প্রধান দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা।
এ ছাড়া শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিও জানান আন্দোলনকারীরা। শ্রমিকদের আন্দোলন বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ায় পোশাক কারখানার উৎপাদন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতির কারণে অনেক কারখানা বন্ধও রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025