
সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য প্রকাশ করে। সামরিক বাহিনীর দাবি, নতুন এই ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের আঘাত হানার সক্ষমতা ও কার্যপরিধি বাড়াবে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আইএসপিআরের বিবৃতিতে ফাতাহ-৩-এর উৎক্ষেপণকে জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত। এটি সুপারসনিক গতিতে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের আভিযানিক সক্ষমতা ও আঘাত হানার পাল্লা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এর ফলে দেশটির প্রচলিত প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতাও আরও শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট পাল্লা, গতি, পরীক্ষার স্থান কিংবা অন্যান্য কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন আর্মি রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা। সফল উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধান সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের এই মাইলফলক অর্জনে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী ও সামরিক সদস্যদের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেছেন তাঁরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণকে প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।
সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান। চলতি নভেম্বরের শুরুতে দেশটির বিমানবাহিনী স্থানীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায়াজ’-এর সফল উড্ডয়ন পরীক্ষা চালায়। আইএসপিআর তখন এটিকে পাকিস্তানের মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছিল।
এর আগে গত ১৩ অক্টোবর দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’-এর বর্ধিত পাল্লার সংস্করণের পরীক্ষা চালায় পাকিস্তান। একই মাসের ৬ অক্টোবর দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর বর্ধিত সংস্করণের পরীক্ষাও চালানো হয়।
ফাতাহ-৩-এর উৎক্ষেপণ পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ। তবে আইএসপিআরের ঘোষণায় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা বলা হলেও এটি কবে থেকে সামরিক বাহিনীর নিয়মিত ব্যবহারে যুক্ত হবে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
সূত্র: ডন, পাকিস্তান রেডিও,
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025