শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধিঃ
মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় নরসিংদীর বেলাবো উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
ভোর থেকেই সর্বস্তরের মানুষ খালি পায়ে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” সংগীতের সুরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আজিজ সারতাজ জায়েদ,বেলাবো থানা অফিসার ইনচার্জ আমানউল্লাহ, বেলাবো উপজেলা বিএনপি আহব্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনায আফ্রিন, বেলাবো প্রেসকাবের সভাপতি মোসারফ হোসেন নীলু ও সাধারণ সম্পাদক আমিনুল হক সড সকল সদস্য বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার সকল কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।
এসময় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং শুদ্ধ বাংলা চর্চায় সবাইকে সচেতন হতে হবে। তরুণ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশন করে ভাষা শহীদদের স্মরণ করে।
সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বেলাবোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দিবসটি ঘিরে পুরো উপজেলাজুড়ে ছিল শোক ও গৌরবের আবহ।

