
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১১ খনিশ্রমিক নিহত হয়েছেন। শ্রমিকদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে চালানো এ হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, বেলুচিস্তানের দুর্গম কোহলু জেলায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, খনিশ্রমিকদের বহনকারী দুটি গাড়ি ছিল হামলাকারীদের লক্ষ্যবস্তু। তবে হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, এ ঘটনায় বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা জড়িত থাকতে পারে।
দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলো অতীতেও নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যান্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পাকিস্তান বিভিন্ন সময় ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে। তবে উভয় দেশই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক বিবৃতিতে তিনি হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: জিও নিউজ
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025