ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরো আবাদে পানি সংকটের শঙ্কা, হাওরের বাঁধ পরিদর্শনে ইউএনও

Link Copied!

আসন্ন বোরো আবাদ নির্বিঘ্ন করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ, ক্লোজার ও স্লুইসগেট সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপা মনি দেবী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া ও গুরমার হাওর ঘুরে দেখেন তিনি। হাওরের পানি দ্রুত নেমে যাওয়ার কারণ অনুসন্ধান ও পানি প্রবাহ নিয়ন্ত্রণের সম্ভাব্য উপায় নিয়ে এ সময় সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কৃষকদের সঙ্গে আলোচনা করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, হাওর থেকে দ্রুত পানি নেমে যাওয়ার কারণে কৃষকদের বোরো ধানের চারা রোপণ ও সেচ নিয়ে বড় ধরনের সংকটের শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই উদ্যোগ নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে কৃষকরা ইতিমধ্যে নিজেদের উদ্যোগে হাওরের সব স্লুইসগেট বন্ধ করে দিয়েছেন। এর ধারাবাহিকতায় বাঁধের ক্লোজার দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ইউএনও মিজ রিপা মনি দেবী।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রিপা মনি দেবী বলেন, "হাওরের পানি নেমে যাওয়ার বিষয়টি কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরে প্রয়োজনীয় পানি ধরে রাখা জরুরি। পানি প্রবাহিত হওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।"

হাওরের কৃষিকে স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, "বোরো আবাদকে কেন্দ্র করে হাজারো কৃষক পরিবারের জীবিকা নির্ভরশীল। পানি কমে গেলে কৃষকদের চারা রোপণ ও পরবর্তী সময়ে সেচের ক্ষেত্রে চরম সংকট তৈরি হবে। তাই সময় থাকতে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা কৃষকদের স্বার্থে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।"

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল জানান, বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরে পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শন কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, ইউপি সদস্য সামায়ুন কবির, জুয়েল মিয়াসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং স্থানীয় কৃষক প্রতিনিধিরা। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন হাওরাঞ্চলের কৃষকরা।