
নিজস্ব প্রতিবেদক, ভৈরব (কিশোরগঞ্জ):
নদী বেষ্টিত বন্দরনগরী ভৈরব—যেখানে মেঘনার ঢেউ যেমন ছন্দ তোলে, তেমনি মানুষের জীবনও প্রতিনিয়ত পরিবর্তনের গল্প লেখে। সেই পরিবর্তনের প্রত্যাশা নিয়েই ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাংবাদিক, অভিনেতা, ব্যবসায়ী ও সমাজকর্মী মোঃ শামীম আহমেদ।
ভৈরবপুর উত্তরপাড়া থেকে বেড়ে ওঠা এবং জগন্নাথপুর দক্ষিণপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে পৌরসভার ১২টি ওয়ার্ডজুড়ে চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ। পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে তার প্রচারণা যেন উৎসবের আমেজে রূপ নিয়েছে। ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ভৈরব অংশ থেকে শুরু করে রেলস্টেশন, লঞ্চঘাট, স্পিডবোট ঘাট, মেঘনা নদীর পাড়, বাজার, ফেরিঘাট—সবখানেই চোখে পড়ে তার পোস্টার, ব্যানার এবং সরাসরি জনসংযোগ।
চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে স্কুল-কলেজ-মাদ্রাসা, হাসপাতালের সামনে কিংবা গাছতলায়—সবখানেই সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন চাইছেন তিনি। অনেকেই বলছেন, “এই প্রচারণা শুধু ভোটের জন্য নয়, বরং দীর্ঘদিনের সম্পর্কেরই বহিঃপ্রকাশ।”
শিক্ষা ও সাংবাদিকতায় পথচলা
শামীম আহমেদ কলিমপুর আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করে আশুগঞ্জ সরকারি ফিরোজ মিয়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ২০০০ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত হয়ে সাপ্তাহিক সংকেত, ইংরেজি দৈনিক পেনব্রীজসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। পরবর্তীতে দৈনিক একুশে আলো, শতাব্দীর কণ্ঠ, আমার কাগজ, আজকের প্রভাতসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় ভৈরব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল “এস এ নিউজ টুয়েন্টি ফোর বিডি”-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাক্ষিক অপরাধ জগত ও দৈবিক লাল সবুজের দেশ পত্রিকার, দৈনিক গৃহকোণ,দৈনিক পুর্বকণ্ঠ, সাপ্তাহিক দিনেরগান,সাপ্তাহিক সোনালী ধারা, সাপ্তাহিক প্রমাণচিত্র সহ বেশ কিছু পত্রিকায় লেখালেখি করছেন। সাংবাদিকতা জীবনে তার দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা।
সংগঠন ও সামাজিক কর্মকাণ্ড
তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি এবং ভৈরব উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক। এছাড়া ভৈরব ইয়াং রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে তরুণ সাংবাদিকদের সংগঠিত করেছেন।
২০০৮ সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ ১৮ বছর যাবত জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন নির্মাণ ও প্রযোজনা সংস্থা শামীম এ্যাড ফার্ম এন্ড মিডিয়া হাউজ এর কর্ণধার এর দায়িত্ব পালন করছে।
মানবিক কর্মকাণ্ডেও তার ভূমিকা উল্লেখযোগ্য। মাদকবিরোধী আন্দোলন, মানবাধিকার কার্যক্রম, রক্তদান, এতিম ও অসহায়দের সহায়তা—এসব ক্ষেত্রে তিনি সক্রিয়। রক্ত সৈনিক সংগঠনের মাধ্যমে একাধিকবার রক্তদান করেছেন। বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতায় বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ করেছেন।
সাংস্কৃতিক অঙ্গনে উপস্থিতি
শুধু সাংবাদিকতা নয়, সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয়তা। পার্থিব নাট্য পরিবারের সঙ্গে যুক্ত থেকে বহু নাটক ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন। নিজের প্রযোজনায় নির্মিত নাটক ও ভিডিও বিজ্ঞাপনেও প্রশংসা পেয়েছেন দর্শকদের।
রাজনৈতিক সম্পৃক্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন তিনি। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে পৌরবাসীর কাছে একটি পরিচিত মুখে পরিণত করেছে।
জনদুর্ভোগে সোচ্চার কণ্ঠ
সাম্প্রতিক সময়ে তার ভেরিফায়েড ফেসবুক আইডি ও নিউজ পোর্টালের মাধ্যমে ভৈরব পৌর এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরছেন। ভাঙা ড্রেন, দখল হওয়া রাস্তা, ঝুঁকিপূর্ণ ভবন, বাজার ও স্টেশন এলাকায় প্রতারক চক্রের দৌরাত্ম্য—এসব বিষয়ে সচেতনতামূলক প্রতিবেদন প্রকাশ করে ইতোমধ্যে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, ভেজাল ব্যবসার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ—এসব কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।
ভৈরবের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছেন শামীম আহমেদ। তার প্রচারণা যেন মেঘনার জোয়ারের মতো—নীরবে শুরু হলেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে সর্বত্র। এখন দেখার বিষয়, এই জনসম্পৃক্ততা শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়।
Post Views: 44