
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে সাগর নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার (১লা ফেব্রুয়ারি) দুপুরে নিজ বসতঘরেই এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত সাগর ওই এলাকার আহম্মদ আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি তার মা শেফালী বেগমের সঙ্গে একই ঘরে বসবাস করতেন। দুপুরে প্রতিদিনের মতো খাবার খেতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হলে তারা খোঁজ নিতে যান। এ সময় ঘরের ভেতরে সাগরকে দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকাবাসী জড়ো হলে তিনি পালিয়ে যান। পরে ঘরে ঢুকে খাটের ওপর শেফালী বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সাগর দা হাতে মায়ের ওপর হামলা চালান। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের ভেতরে শেফালী বেগমের নিথর দেহ দেখতে পান।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, ঘটনার পরপরই প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটকসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
Post Views: 18