প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৫:৫০ পি.এম
মোংলায় পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ
মোংলায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পৌর কর্মচারী ও শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মোংলা পোর্ট পৌরসভার সামনে সব সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, মোংলা শাখা’- এ কর্মসূচির আয়োজন করে।
এতে বিভিন্ন প্রতিষ্ঠানের নবম গ্রেডের দাবিদার কর্মচারীরা অংশ নেন।
এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পৌর কর্মচারীরা।
বিক্ষোভ কর্মসূচিতে অধ্যক্ষ কহিনুর সরদার বলেন, 'আমাদের ৯ম গ্রেডের দাবির জন্য রাস্তায় নামানো হয়েছে। যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন না হয়, তাহলে আমরা রাজপথ থেকে ঘরে উঠব না। প্রয়োজনে সরকারের প্রধান দপ্তর ঘেরাও করে দাবি বাস্তাবয়নের জন্য জীবন বাজি রাখতে প্রস্তত রয়েছি।'
তিনি বলেন,'আমরা না খেয়ে দিন কাটাচ্ছি, আমাদের পরিবারের দিকে কেউ তাকাচ্ছে না। আপনারা যদি এদেশকে আবার যদি অশান্তির দিকে ঠেলে দেন, ৯ম পে-স্কেল যদি বাস্তবায়ন না করেন, তা হলে ২০ লাখ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর দপ্তরগুলো যদি অকার্যকর হয়ে যায়, তবে এর দায় ভার সরকারকেই নিতে হবে। সেজন্য আগামী তিন দিনের মধ্যেই এ সমস্যার সমাধান চাই।'
মোংলা পোর্ট পৌরসভার হিসাব রক্ষক ও পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি নিজাম উদ্দিন বাহাদুর বলেন, 'আমরা কীভাবে মানবেতর জীবন-যাপন করছি তা কেউ বুঝতে পারছে না। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, অথচ আমাদের বেতন-ভাতা বাড়ছে না। এ দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।'
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, '৯ম পে-স্কেল বাস্তবায়ন না করলে পৌর কর্মচারীরা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না।'
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025