
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত গোয়েন্দা তথ্যের পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলা হলে ইরানকে এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে দিতে হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। ওয়াশিংটনে সম্ভাব্য হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ ধরনের হামলা হলে তাদের এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে দিতে হয়নি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি আশা করি এমন কিছু ঘটবে না। তবে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কারণ তারা উন্মাদ। এ কারণেই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না।’
এর আগে সোমবার (১৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়েছে সংবাদমাধ্যমটি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত কর্মকর্তারা সম্ভাব্য পরিকল্পনাটিকে তাৎক্ষণিক হামলার প্রস্তুতি হিসেবে দেখছেন না। বরং ভবিষ্যতে সম্ভাব্য হামলার বিকল্প তৈরি করার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছেন তারা। তবে পরিকল্পনায় নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ থাকায় মার্কিন প্রশাসনের মধ্যে নিরাপত্তা প্রস্তুতি ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার আলোচনা শুরু হয়েছে।
তবে ইরানের এমন হামলা চালানোর সক্ষমতা বা বাস্তবিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই মতভেদ রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে বিশ্বাসযোগ্য কোনো হামলার হুমকি নেই।
এদিকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। তাদের দাবি, এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
‘ডার্টি বোমা’ হলো এমন এক ধরনের প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে বিস্ফোরণের মাধ্যমে তা আশপাশে ছড়িয়ে দেওয়া হয়। এটি পারমাণবিক বোমা নয়; তবে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: আল-জাজিরা
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025