
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তায় আরও ৮০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা কার্যক্রম জোরদার করতে এই অর্থ ব্যয় করা হবে।
মিয়ানমার ও এ অঞ্চলের শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত ১ কোটি ৬০ লাখ ইউরোর আঞ্চলিক মানবিক সহায়তা তহবিলের অংশ হিসেবে বাংলাদেশ এই অর্থ পাচ্ছে। নতুন বরাদ্দের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী এবং তাঁদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে সহায়তা করা হবে।
চলতি ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইইউর আগে বরাদ্দ করা ২ কোটি ৩০ লাখ ইউরোরও বেশি মানবিক সহায়তার অতিরিক্ত হিসেবে নতুন ৮০ লাখ ইউরো দেওয়া হচ্ছে। ফলে চলতি বছরে বাংলাদেশে রোহিঙ্গা ও সংশ্লিষ্ট মানবিক কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার পরিমাণ আরও বাড়ল।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। মিয়ানমারে সহিংসতা ও বাস্তুচ্যুতির কারণে এসব মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংকটে শরণার্থীদের খাদ্য, চিকিৎসা, নিরাপদ আশ্রয় এবং সুরক্ষা নিশ্চিত করা বড় মানবিক চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধান এবং সংকটের টেকসই সমাধানে কাজ করছে তারা। নতুন অর্থায়নও সেই মানবিক কার্যক্রমের অংশ।
রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার বিষয়টিও নতুন বরাদ্দে গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগোষ্ঠীর ওপরও বিভিন্ন ধরনের চাপ তৈরি হয়েছে। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রমে অর্থ ব্যয়ের মাধ্যমে উভয় জনগোষ্ঠীর প্রয়োজন মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025