
গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে লক্ষ্মীপুর জেলায় এক অনন্য ভূমিকা রাখছে নারিকেল চাষ ও এর বাণিজ্য। উপকূলীয় এই জেলার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারিকেল এখন কেবল একটি অর্থকরী ফসলই নয়, বরং হাজারো পরিবারের জীবিকা নির্বাহের প্রধান চালিকাশক্তি। চলতি মৌসুমেও জেলায় নারিকেলের বাম্পার ফলন হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকারও বেশি।
কৃষিনির্ভর এই জেলাটিতে উল্লেখযোগ্য কোনো ভারী শিল্পকারখানা না থাকায় এখানকার অধিকাংশ মানুষ ফসল উৎপাদনের পাশাপাশি বসতবাড়ির আঙিনা ও পতিত জমিতে গড়ে তোলা নারিকেল গাছের ওপর নির্ভরশীল। জেলার প্রায় প্রতিটি বাড়িতেই নারিকেল গাছ রয়েছে। কারও কারও ১৫-২০টি গাছের আয় দিয়েই পুরো বছরের সংসার খরচ চলে। আবার বাণিজ্যিক বাগান মালিকরা বছর শেষে আয় করছেন লাখ লাখ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, লক্ষ্মীপুরে প্রায় ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে নারিকেল বাগান রয়েছে। এসব বাগান ও বসতবাড়ির গাছ থেকে প্রতি বছর গড়ে ৫ কোটি ৩০ লাখ নারিকেল উৎপাদিত হয়। আকারে বড়, সুস্বাদু ও গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ট্রাক ও নৌপথে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এ জেলার নারিকেল। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি জোড়া নারিকেল ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহে দুদিন জেলার হাট-বাজারগুলোতে নারিকেলের বিশাল সমাগম ঘটে। সদর উপজেলার দালাল বাজার, রসুলগঞ্জ, চন্দ্রগঞ্জ, মান্দারী, রায়পুর উপজেলার হায়দরগঞ্জ, রামগঞ্জ শহর, কমলনগরের হাজিরহাট এবং রামগতির আলেকজান্ডার এখন নারিকেলের প্রধান মোকাম হিসেবে পরিচিত। এর মধ্যে দালাল বাজারেই বসে জেলার সবচেয়ে বড় নারিকেলের হাট।
নারিকেল সংগ্রহ, কেনাবেচা এবং ছাল (ছোবড়া) ছাড়ানোর কাজে যুক্ত হয়ে কর্মসংস্থান হয়েছে শত শত নারী-পুরুষের। শুধু নারিকেলই নয়, এর ফেলনা ছোবড়াও এখন বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। প্রক্রিয়াজাত করা এসব ছোবড়া দিয়ে তৈরি হচ্ছে জাজিম, পাপোশ, ওয়ালমেটসহ নানা ধরনের পরিবেশবান্ধব হস্তশিল্প পণ্য।
সদর উপজেলার বাসিন্দা বেলাল হোসেন জানান, তার ১৫-১৬টি গাছের নারিকেল বিক্রি করেই সারা বছর সংসারের খরচ চলে যায়। কমলনগরের ব্যবসায়ী মঞ্জুর আলম বলেন, ‘দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নারিকেলের ব্যবসা করছি। দেশজুড়ে এর ব্যাপক চাহিদা থাকায় এটি অত্যন্ত লাভজনক একটি খাত।’
নারিকেলকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এলেও এখনো পর্যাপ্ত সরকারি-বেসরকারি সুবিধা থেকে বঞ্চিত চাষি ও ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে নারিকেলভিত্তিক তেল বা প্রক্রিয়াজাতকরণ কারখানা না থাকা এবং অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে অনেক সময় চাষিরা ন্যায্যমূল্য পান না বলে অভিযোগ রয়েছে। এছাড়া জেলায় এখনো অধিকাংশ গাছ অপরিকল্পিতভাবে রোপণ করা হয়।
লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলায় যে বিপুল পরিমাণ নারিকেল উৎপাদিত হয়, তা কাজে লাগাতে এখানে নারিকেলভিত্তিক প্রসেসিং বা তেল উৎপাদনের কারখানা স্থাপন করা জরুরি। পরিকল্পিত চাষাবাদের পাশাপাশি শিল্পকারখানা গড়ে তোলা গেলে স্থানীয় বেকারত্ব কমবে, চাষিরা ন্যায্যমূল্য পাবেন এবং জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025