
পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে। এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি এবং গবেষণায় প্রণোদনার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে তারা।
প্রতিনিধিদল জানায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য হলের সংখ্যা তুলনামূলক কম। ফলে ছাত্রীদের আবাসনসংকট আরও তীব্র হচ্ছে। এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তাঁরা।
রাষ্ট্রপতি শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধন এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয়ের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় তাঁর মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025