
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং সন্ত্রাসীদের বিষয়ে মানুষ কঠোর অবস্থানে রয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন লেখা প্রকাশ করানো যেতে পারে। তবে বাস্তবতা ও প্রত্যাশা এক বিষয় নয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
তিনি বলেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না। কারও দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তাঁর ভাষায়, কেউ হয়তো স্বপ্ন দেখছেন হেঁটে বা বিমানে বাংলাদেশে চলে আসছেন, কিন্তু সেটি বাস্তবসম্মত নয়।
শেখ হাসিনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, তিনি সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব।
ব্রিফিংয়ের শুরুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষের অবস্থান বিদেশি প্রতিনিধিদের জানানো হয়েছে।
ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার বিভিন্ন দেশের প্রায় ৬০টি মিশনের প্রধান অংশ নেন। জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025