
শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর মহানগর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশাপাশি জয়দেবপুর সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহানগরীর জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে হাজারো শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ জয়দেবপুর ও নাওজোর এলাকায় অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দেয়। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধ অব্যাহত থাকে।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025