
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে একদল শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে নগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের অন্তত ৩০টি পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ছাড়া নগরীর কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি যেকোনো সময় অস্বাভাবিক হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এলাকার কয়েকটি কারখানাও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে বৃহস্পতিবার জেলায় ২০ থেকে ৩০টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে। কয়েকটি স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার ২০ থেকে ৩০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা বন্ধের ঘটনায় শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সূত্র: যুগান্তর
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025