প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৬:৪৯ এ.এম
শ্রীপুরে অটো চুরির ‘নাটক’ সাজিয়ে মা-ছেলে ও গৃহবধূকে কুপিয়ে জখম, এলাকায় ত্রাস

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে এক অটোরিকশা চালকের পরিবারকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন, বাড়িঘরে হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার চায়না পটকা গ্রামে গত ১ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে কয়েক দফায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোসাঃ রানু বেগমের অভিযোগ সূত্রে জানা গেছে, তার ছেলে উমর ফারুক (২৩) প্রতিবেশী রাজীবের অটোরিকশা ভাড়ায় চালাতেন। গত ১ মার্চ সকালে শ্রীপুর রেলগেট থেকে যাত্রী তোলার সময় রাজীবের ভাই রায়হান (৫ নং বিবাদী) প্রকাশ্য দিবালোকে অটোরিকশাটি নিয়ে চলে যান। ফারুক বিষয়টি মালিককে জানালে তারা উল্টো ফারুকের ওপর চুরির দায় চাপিয়ে মোটা অংকের জরিমানা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তবে ওই দিনই রায়হান অটোরিকশাটি বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে প্রকৃত সত্য বেরিয়ে আসে।
বর্বরোচিত হামলা ও নির্যাতন
অটো চুরির প্রকৃত ঘটনা ফাঁস হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে প্রভাবশালী চক্রটি। স্থানীয় কবির (৪৫) ও বাপ্পির (২৫) নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ২ মার্চ সকালে দেশীয় অস্ত্র নিয়ে উমর ফারুকের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা ফারুককে উঠানে ফেলে এলোপাথারি মারপিট করে এবং বাপ্পি নামের এক যুবক ইট দিয়ে আঘাত করে ফারুকের মাথা ফাটিয়ে দেয়।
এ সময় ফারুকের স্ত্রী রুকসানা (২০) বাধা দিতে এলে তাকেও বেধড়ক মারধর করা হয় এবং মমিন (৫৫) নামের এক ব্যক্তি তার শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ফারুককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সর্বশেষ গত ৭ মার্চ সকালে বিবাদীরা আবারও ফারুকের বাড়িতে হামলা চালায়। তাকে না পেয়ে তার বাবা নজরুল ইসলাম (৫০) ও মা রানু বেগমকে মারধর করে নীলাফুলা জখম করা হয়। অভিযোগ রয়েছে, ১ নং বিবাদী কবির এলাকায় নিজেকে বড় রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালী পরিচয় দিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
> ভুক্তভোগী রানু বেগম বলেন, > "ওরা নিজেরাই অটো সরাইয়া আমার ছেলেরে চোর বানাইতে চাইছিল। এখন জান বাঁচাইতে আমরা দ্বারে দ্বারে ঘুরতাছি। ওরা আমাগো খুন করার হুমকি দিতাছে, আমরা বিচার চাই।"
এই ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এলাকায় মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025