
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের খলারটেক গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার পরিবারের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি এবং দুর্ধর্ষ চুরির অভিযোগ । গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) রাতে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন রাত আনুমানিক ১০:৩০ মিনিটে শ্রীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কফিল উদ্দিনের দোকানের সামনে সেচ্ছাসেবকদল নেতা সেলিম পারভেজকে (৪০) গতিরোধ করে একদল সশস্ত্র সন্ত্রাসী। খোরশেদ আলম, সিফাত, রাশেদ, আলামিন ও ময়নার নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৭/৮ জন দেশীয় অস্ত্র (দা, রড, হকিস্টিক) নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
সেলিমের চিৎকার শুনে তার বোন পারভীন (৪৩) তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও নৃশংসভাবে মারধর করে। অভিযোগ রয়েছে, ১নং বিবাদী খোরশেদ আলম ধারালো দা দিয়ে পারভীনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের মধ্যমা আঙুল হাড়সহ গুরুতর জখম হয়। এসময় হামলাকারীরা ওই নারীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাড়িতে ঢুকে দ্বিতীয় দফা হামলা ও লুটপাট:
প্রথম দফার হামলার ১০ মিনিট পর বিবাদীরা দলবল নিয়ে সেলিমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা সেলিমের গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এরপর আলমারি ভেঙে জমি কেনার জন্য রাখা নগদ ৪ লক্ষ ৮৫ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার (যার বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা) লুটে নেয়। এছাড়া বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও কুপিয়ে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়।
ঘটনার সময় ৯৯৯-এ কল করা হলে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী সেলিম পারভেজ জানান, “বিবাদীরা অত্যন্ত দাঙ্গাবাজ প্রকৃতির। তারা দীর্ঘদিন ধরে আমাদের খুনের হুমকি দিয়ে আসছিল। গতকাল তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে টাকা ও স্বর্ণ লুটে নিয়েছে।”
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Views: 65