
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীদের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে। দ্রুত নিয়োগের দাবিতে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তাঁরা।
এর আগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন নিয়োগপ্রত্যাশীরা। তাঁদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রায় সাড়ে নয় হাজার প্রার্থীর দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্দোলনকারীদের প্রথম দাবি, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগের সুপারিশ দিতে হবে। পাশাপাশি নামমাত্র নয়, কার্যকর গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
দ্বিতীয় দাবিতে তাঁরা জানিয়েছেন, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ যুক্ত করে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রয়োজনে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করতে হবে।
তৃতীয় দাবিতে আন্দোলনকারীরা বলেছেন, সনদের মেয়াদ ও বয়সসীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ এবং নিয়োগের সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনতে হবে।
প্রার্থীদের দাবি, চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের সুপারিশ না পাওয়ায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাঁদের নিয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025