আগামীকাল রোববার (৮ নভেম্বর) সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দিনটি সবার জন্য সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।
ফলে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। তবে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রোববার উদ্যাপিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ধর্মীয় আয়োজন করা হয়েছে।
রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন রয়েছে।
অন্যদিকে, শ্যামাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ধারিত হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী।
অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের জন্য ৮ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত কর্মদিবসের মতো চলবে।
মূলত শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি এবং পরদিন শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ৮ নভেম্বরও সবার জন্য সরকারি ছুটি থাকার গুঞ্জন ছড়িয়েছে। তবে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ৮ নভেম্বরকে সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক),
All rights reserved © 2025