
রেজাউল করিম উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বালুরছড়া এলাকায় বন বিভাগের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন করেছেন অভিযুক্তরা। এ ঘটনায় এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বালুরছড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন মোহাম্মদ হোসাইন, ছৈয়দ হোসাইন এবং একই এলাকার আবুল হোসেনের পুত্র জাফর আলম। মানববন্ধনে তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ ছড়ানো হচ্ছে, যা তাদের সামাজিক সম্মান ক্ষুণ্ন করছে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে অভিযুক্ত ছৈয়দ হোসাইন বলেন, বন বিভাগ এলাকায় ৭৩ জন উপকারভোগী নিয়ে একটি “কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি (সিএফএমসি)” গঠন করেছে। ওই কমিটিতে তাদের তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে—কেউ বাগানের গাছ বা বনভূমির ক্ষতি করলে তা বন বিভাগকে অবহিত করার জন্য। তিনি বলেন, তারা কেবল তথ্য দিলে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে স্থানীয়দের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। টাকা দাবি, হুমকি কিংবা হয়রানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে তিনি দাবি করেন।
অপর অভিযুক্ত জাফর আলম নিজেকে বন বিভাগের পাহারাদারদের সভাপতি দাবি করে বলেন, টাকা নেওয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, স্থানীয় কেউ বিশেষ প্রয়োজনে গাছপালা ব্যবহার বা কাটতে চাইলে বন বিভাগের লোকজন এলে এলাকাবাসী সহযোগিতা করে থাকে। অনেক সময় কেউ হয়রানির শিকার হলে মনে করেন বিষয়টি তাদের মাধ্যমে বন বিভাগে জানানো হয়েছে—এ কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
এদিকে এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি নিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সচেতন মহল বলছেন, বন বিভাগের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ সত্য হলে যেমন কঠোর ব্যবস্থা প্রয়োজন, তেমনি অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত।
Post Views: 246