ঢাকাTuesday , 24 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাকরির প্রলোভনে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নাইক্ষ্যংছড়িতে যুবক প্রতারণার শিকার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Link Copied!

রেজাউল করিম | স্টাফ রিপোর্টার কক্সবাজার জেলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ কাসেমের ছেলে মোবারক হোসেনের কাছ থেকে কক্সবাজার জেলার ভারুয়াখালী এলাকার চাইংগা পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে রাকিব মোহাম্মদ কাউছার চাকরি দেওয়ার কথা বলে প্রায় লক্ষাধিক টাকা গ্রহণ করেন।

ভুক্তভোগী মোবারক হোসেন জানান, গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখে “শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর”-এ অফিস সহকারী পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন অভিযুক্ত রাকিব মোহাম্মদ কাউছার। চাকরি নিশ্চিত করার কথা বলে তিনি লিখিত চেক ও চুক্তিপত্রের মাধ্যমে তার কাছ থেকে উল্লেখিত অর্থ গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুত চাকরি প্রদান করা হয়নি। বরং টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি অর্থ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

মোবারক হোসেন আরও অভিযোগ করেন, পাওনা টাকা ফেরত চাইতে গেলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি আইনি ব্যবস্থা নিতে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিযুক্ত ব্যক্তি। এতে ভুক্তভোগী ও তার পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় চাকরির নামে প্রতারণার ঘটনা বেড়ে চলেছে। বিশেষ করে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী মোবারক হোসেন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমি প্রশাসনের সহযোগিতা চাই। আমার কষ্টার্জিত টাকা যেন ফেরত পাই এবং ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হয়।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেন, চাকরির নামে প্রতারণা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।

স্থানীয় জনগণও এমন প্রতারণার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।