
স্টাফ রিপোর্টার, কক্সবাজার | রেজাউল করিম
কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটন জোনে গভীর রাতে অবৈধভাবে কিটকট চেয়ার ও অস্থায়ী দোকান বসানোর চেষ্টা পণ্ড করে দিয়েছে টুরিস্ট পুলিশ। এসময় বিচ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে পরিচালিত বিশেষ অভিযানে নেতৃত্ব দেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা আপেল মাহমুদ। রাত্রিকালীন অভিযান টিম পর্যটন জোনের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করলে একটি চক্রকে সমুদ্র সৈকতের বালুচরে অবৈধভাবে কিটকট চেয়ার বসিয়ে দোকান পরিচালনার প্রস্তুতি নিতে দেখা যায়। এসময় তাদের থামতে নির্দেশ দেওয়া হলে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৮ জনকে আটক করা হয়।
টুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিচ এলাকায় অবৈধ চেয়ার ভাড়া, দোকান বসানো, পর্যটকদের হয়রানি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানকালে বিচ এলাকায় অবৈধভাবে স্থাপন করা কিছু চেয়ার ও দোকানের সরঞ্জাম জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমুদ্র সৈকত এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নেতৃত্বদানকারী কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, “কক্সবাজার সমুদ্র সৈকত দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এখানে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। পর্যটকদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা টুরিস্ট পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকলে সমুদ্র সৈকতে শৃঙ্খলা ফিরবে এবং পর্যটন শিল্প আরও গতিশীল হবে।
টুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটন জোনে অবৈধ দখল, চাঁদাবাজি, মাদক বেচাকেনা বা অন্য কোনো অপরাধের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে তাদের জানাতে অনুরোধ করা হচ্ছে। নিরাপদ ও সুন্দর পর্যটন পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
Post Views: 80