ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি নিশো-মেহজাবীন

Link Copied!

নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার নাম ‘অপলক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। দীর্ঘদিনের জনপ্রিয় এই জুটি আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন। বুধবার (৪ নভেম্বর) সামাজিক মাধ্যমে সিনেমাটির নাম ও অভিনয়শিল্পীদের বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা নিজেই।

নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী স্বামী-স্ত্রী। দীর্ঘদিন ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন তাঁরা। এবার নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় স্ত্রী মেহজাবীনকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসছেন আদনান। এর আগে অবশ্য অভিনয়শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছে মেহজাবীনের।

আদনানের প্রথম সিনেমার নায়ক হিসেবে সিয়াম আহমেদের নাম নিয়ে কিছুদিন ধরে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জনের অবসান ঘটেছে। ‘অপলক’-এ মেহজাবীনের বিপরীতে অভিনয় করবেন আফরান নিশো।

ছোট পর্দায় নিশো ও মেহজাবীন একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন। তাঁদের জুটিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এর আগে ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার আদনান আল রাজীবের নতুন সিনেমায় আবারও জুটি বাঁধছেন এই দুই অভিনয়শিল্পী।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার ছবি প্রকাশ করে আদনান আল রাজীব জানান, তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’ পুরো দলের স্বপ্ন ও ভালোবাসার একটি কাজ। এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

সিনেমাটি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে আদনান বলেন, তাঁরা একটি সৎ, সরল ও মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক চলচ্চিত্র নির্মাণ করতে চান। এমন একটি গল্প তুলে ধরতে চান, যেখানে দর্শকেরা ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।

নির্মাতা আরও আশা প্রকাশ করেন, সিনেমাটি তৈরির পেছনে তাঁদের যে ভালোবাসা ও মায়া রয়েছে, তা দর্শকদের মনেও পৌঁছাবে।

এদিকে সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরীও। সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তির ছবি প্রকাশ করে তিনি জানান, তাঁদের সিনেমা ‘অপলক’ অবশেষে নির্মিত হতে যাচ্ছে। ছবিটি নিয়ে তিনি বেশ আগ্রহী। একই সঙ্গে সিনেমাটির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।