শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ধর্মঘট শুরু করায় শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই কর্মসূচি শুরু হওয়ায় দুই পাড়ে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকেরা বিপাকে পড়েছেন।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েকজন।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান।
এ সময় ১১ বছর বয়সী তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও এক শিশু আহত হয়।
সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যান এর চালক। বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে নৌপুলিশ।
এদিকে দুর্ঘটনার ঘটনায় ফেরির মাস্টারকে আটক করে পুলিশ। এ আটকের প্রতিবাদে ফেরির চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ধর্মঘটের ডাক দেন। শনিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে যাত্রী ও পরিবহন আটকা পড়ে। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কর্মচারীরা ধর্মঘট পালন করছেন।

