সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিলের ব্যয় প্রায় ৬২ শতাংশ কমিয়েছে ডাক বিভাগ। সংস্থাটির ১৪টি মেইল প্রসেসিং সেন্টারে (এমপিসি) সৌরবিদ্যুৎ উৎপাদন ও নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা। সৌরবিদ্যুতের ব্যবস্থা না থাকলে এসব কেন্দ্রে বিদ্যুৎ বিল বাবদ ব্যয় হতো প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা।
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৪টি কেন্দ্রের সৌর প্যানেল থেকে এ সময়ে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হয়েছে। বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
অধিদপ্তরের হিসাব বলছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রকে জাতীয় গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা হিসাবে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত প্রদেয় বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা।
ফলে সম্ভাব্য ব্যয়ের তুলনায় ৬১ দশমিক ৯৩ শতাংশ অর্থ সাশ্রয় হয়েছে। একই হিসাবে নিজস্ব ব্যবহারের সৌরবিদ্যুৎ থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ থেকে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা বিলের সঙ্গে সমন্বয় হয়েছে। প্রতিটি কেন্দ্রে গড়ে সাশ্রয়ের পরিমাণ প্রায় ৯২ হাজার টাকা।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ পরিবেশের পাশাপাশি সরকারি অর্থ সাশ্রয়েও কার্যকর। একটি সরকারি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করছে, আবার উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। অন্য সরকারি দপ্তরও এ অভিজ্ঞতা অনুসরণ করতে পারে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা কেন্দ্রগুলো হলো তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ মেইল প্রসেসিং সেন্টার।
মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে কেন্দ্রগুলো চালু করা হয়েছে। অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল স্থাপন করা হয়।
ডাক অধিদপ্তর জানিয়েছে, জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল সাশ্রয়ের লক্ষ্যেই কেন্দ্রগুলোতে এ ব্যবস্থা চালু করা হয়েছে। কেন্দ্রগুলোর সক্ষমতা আরও বাড়াতে ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের টেকসই সহায়তা’ নামে একটি নতুন উন্নয়ন প্রকল্পও নেওয়া হয়েছে।
তবে সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল। বৃষ্টি ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে গেলে কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।
ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বাসসকে বলেন, সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টি ও কুয়াশার দিনে গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবে উৎপাদিত বিদ্যুতের বড় অংশ গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এ সাশ্রয় আরও বাড়বে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিটি দেশে নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর চালু অবস্থায় সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে। একই সঙ্গে নেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় বিদ্যুতের হিসাবরক্ষণ ও জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া নির্ধারণে সময় লাগে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।
মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নতুন প্রযুক্তি হওয়ায় শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে। এখন সেই পথ তৈরি হয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনাতেও আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।
দেশে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন। এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও এ উদ্যোগ এগোচ্ছে। সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন বিজ্ঞান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর আহ্বান জানান।
পরিবেশগত দিক থেকেও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুফল রয়েছে। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। এ হার ধরে হিসাব করলে ১৪টি কেন্দ্রের উৎপাদিত সৌরবিদ্যুৎ আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করেছে। সূত্র: বাসস

