ঢাকাSaturday , 14 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মেডিক্যাল সিটি গড়ার পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

গত বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নতুন এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত মেডিক্যাল সিটির আওতায় উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির জন্য আধুনিক মেডিকেল শিক্ষা এবং নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা বৈঠকে তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার।

বৈঠকের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালটির আধুনিক চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তিগত সুবিধা, চিকিৎসাসেবা পরিচালনা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, উন্নত চিকিৎসাপ্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।

প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও তাঁরা আলোচনা করেন।

ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, আধুনিক চিকিৎসাপ্রযুক্তি এবং চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগানো গেলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এএসএএএল (ASAAL)-এর সভাপতি ও ন্যাশনাল ইউনিভার্সিটির যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন। তিনি নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।