দেশে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনে রাসায়নিক কীটনাশকের ব্যবহার বাড়লেও এর নিরাপদ প্রয়োগ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা নেই কৃষকদের। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক গবেষণায় দেখা গেছে, মাঠপর্যায়ে কীটনাশক ব্যবহারকারী কৃষকদের ৮৬ শতাংশই নিরাপদ ব্যবহার ও সুরক্ষা বিষয়ে কোনো প্রশিক্ষণ পাননি। এতে কীটনাশক ব্যবহারের সময় কৃষকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান ও অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। ময়মনসিংহ সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলার ২২০ জন কৃষকের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি সম্পন্ন করা হয়েছে। সম্প্রতি গবেষণার ফল একটি আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, কীটনাশক প্রয়োগের সময় প্রায় ৬০ শতাংশ কৃষক কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ব্যবহার করেন না। ফলে মাথাব্যথা, দুর্বলতা, ত্বকে জ্বালাপোড়া ও চুলকানিসহ বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা। কীটনাশকের ব্যবহার ও সংরক্ষণে অসতর্কতার পাশাপাশি ব্যবহৃত প্যাকেট ও পাত্র ফেলার ক্ষেত্রেও যথাযথ নিয়ম অনুসরণ করছেন না অনেক কৃষক।
জরিপ অনুযায়ী, ৮১ শতাংশ কৃষক হাইড্রোলিক স্প্রেয়ার ব্যবহার করেন। তবে ৫৬ শতাংশ কৃষক বসার বা শোবার ঘরে কীটনাশক সংরক্ষণ করেন। এ ছাড়া ৭৫ শতাংশ কৃষক ব্যবহৃত কীটনাশকের প্যাকেট ও পাত্র খোলা মাঠে ফেলে দেন। মাত্র ১৪ শতাংশ কৃষক এসব বর্জ্য ডাস্টবিনে ফেলেন। নিরাপদ ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন জরিপে অংশ নেওয়া মাত্র ১৪ শতাংশ কৃষক।
গবেষণা সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বাংলাদেশে রাসায়নিক বালাইনাশকের ব্যবহার শুরু হয় মূলত সবুজ বিপ্লবের সময়। ১৯৫১ সালে সরকারিভাবে কীটনাশক আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর ১৯৫৫ সালে প্রথমবারের মতো তিন টন এনড্রিন দেশে আনা হয়। পরবর্তী সময়ে উচ্চ ফলনশীল ফসলের আবাদ বৃদ্ধি এবং পোকামাকড়ের আক্রমণ মোকাবিলায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
গবেষণায় বলা হয়েছে, বর্তমানে দেশের ৯৪ শতাংশের বেশি কৃষক ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করছেন। ১৯৭০-এর দশকে বছরে প্রায় চার হাজার টন বালাইনাশক ব্যবহৃত হলেও বর্তমানে তা বেড়ে ৪০ থেকে ৪৫ হাজার টনে দাঁড়িয়েছে। বিশেষ করে শাকসবজি, ধান, চা ও ফল উৎপাদনে কার্বামেট এবং অর্গানোফসফেট জাতীয় কীটনাশকের ব্যবহার বেশি।
তবে রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ায় কৃষকদের মধ্যে বিকল্প পদ্ধতির প্রতি আগ্রহও তৈরি হচ্ছে। গবেষণায় অংশ নেওয়া কৃষকদের ৫২ দশমিক ৭ শতাংশ জানিয়েছেন, ক্ষতিকর রাসায়নিকের বিকল্প হিসেবে জৈব বালাইনাশক পণ্য কেনার জন্য তাঁরা অর্থ ব্যয় করতে প্রস্তুত।
গবেষণায় আরও দেখা গেছে, জরিপে অংশ নেওয়া কৃষকদের একটি বড় অংশ জৈব বালাইনাশক সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তবে প্রায় অর্ধেক কৃষক সেক্স ফেরোমন ট্র্যাপ, ট্রাইকো কম্পোস্ট এবং মাটির গুণাগুণ উন্নয়নে হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহারের বিষয়ে জানেন। অন্যদিকে ইয়েলো স্টিকি ট্র্যাপ ও হ্যাবিট্যাট ম্যানিপুলেশন সম্পর্কে তাঁদের জ্ঞান বেশ সীমিত।
গবেষকদের মতে, রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও জৈব বালাইনাশক ব্যবহারে গুরুত্ব দেওয়া প্রয়োজন। উদ্ভিদ, ব্যাকটেরিয়া ও ছত্রাকসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তৈরি জৈব বালাইনাশক নির্দিষ্ট ক্ষতিকর পোকা ও রোগজীবাণু দমনে সহায়তা করতে পারে। এসব পণ্যের কিছু পরিবেশ ও উপকারী জীবের ওপর তুলনামূলক কম ক্ষতিকর প্রভাব ফেলে। পাশাপাশি মাটির উপকারী অণুজীব, কেঁচো ও পরাগায়নে সহায়তাকারী মৌমাছি সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। তবে পণ্যের ধরন, প্রয়োগ পদ্ধতি ও পরিবেশের ওপর এর কার্যকারিতা নির্ভর করে। কিছু জৈব বালাইনাশক রাসায়নিকের তুলনায় ধীরে কাজ করে এবং উৎপাদন ও সংরক্ষণে বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন হয়।
গবেষকরা মনে করেন, বাজারে জৈব বালাইনাশক সরবরাহ নিশ্চিত করলেই কৃষকদের মধ্যে এর ব্যবহার বাড়বে না। এসব পণ্যের কার্যকারিতা ও সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে কৃষকদের স্পষ্ট ধারণা দিতে হবে। এ জন্য কৃষক মাঠ স্কুল, প্রদর্শনী প্লট ও লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
পাশাপাশি কীটনাশকের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রচারণা চালানো এবং রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে জৈব বালাইনাশক সহজলভ্য করতে সরকারি সহায়তা ও প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনার তাগিদ দিয়েছেন তাঁরা।

