ঢাকাWednesday , 18 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ

Link Copied!

ভারতে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাঁকে দেশে এনে আইনি হেফাজতে নেওয়া এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং সংবিধানে স্বীকৃত নাগরিক অধিকার রক্ষার দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা, গোয়েন্দা নেটওয়ার্ক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য থাকতে পারে বলে নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী।

নোটিশদাতার আশঙ্কা, ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থানের কারণে এসব সংবেদনশীল তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

নোটিশে প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পারমিট ইস্যু করে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ বিমানে পুলিশি নিরাপত্তায় তাঁকে দেশে আনার প্রস্তাবও রয়েছে। দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ সাবজেল ঘোষণার প্রস্তাব দিয়েছেন আইনজীবী। বিমানবন্দরে অবতরণের পর হেলিকপ্টারে সরাসরি সেখানে নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের অধিকার এবং অন্যান্য মামলার বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনার প্রস্তাব তুলে ধরা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায় ও আদেশ নিরপেক্ষভাবে কার্যকর করার কথাও বলা হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে জানানোর জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথা জানিয়েছেন নোটিশদাতা।