ঢাকাWednesday , 18 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গঙ্গা চুক্তি নয়, ঢাকায় বৈঠকে আসছে ভারতের প্রতিনিধি দল

Link Copied!

১৯৯৬ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর এক মাসেরও কম সময় বাকি। এমন পরিস্থিতিতে চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির ৯১তম বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির বিষয়টি থাকছে না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রতিনিধি দলের এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। বৈঠকে যৌথ কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা রয়েছে।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর এর মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

দ্য প্রিন্টকে ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, যৌথ কমিটির বৈঠকটি নিয়মিত কার্যক্রমের অংশ। চুক্তির বিধান অনুযায়ী, ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটির বছরে তিনবার বৈঠক হওয়ার কথা। বৈঠকগুলো দুই দেশে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।

চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, যৌথ কমিটিকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবছর দুই দেশের সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হয়। ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্যদের নেতৃত্বে গঠিত এই কমিটির সর্বশেষ বৈঠক গত ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল।

গঙ্গার পানি বণ্টন চুক্তির সপ্তম অনুচ্ছেদে যৌথ কমিটির দায়িত্ব ও কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। চুক্তির বিভিন্ন বিধান বাস্তবায়ন পর্যবেক্ষণ, ফারাক্কা ব্যারাজ পরিচালনার বিষয় পর্যালোচনা এবং চুক্তি বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে তা নিয়ে কাজ করার দায়িত্ব রয়েছে কমিটির।

যৌথ কমিটির মাধ্যমে কোনো মতপার্থক্য বা বিরোধের সমাধান সম্ভব না হলে তা দুই দেশের যৌথ নদী কমিশনে পাঠানোর বিধান রয়েছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কমিশন বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদ-নদীসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করে।

এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরুর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের পক্ষ থেকে নতুন চুক্তি বা সংশোধিত ব্যবস্থার মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তবে ভারতের প্রতিনিধি দলের আসন্ন বৈঠকে চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে না থাকায় মেয়াদ শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো অগ্রগতি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: দ্য প্রিন্ট, দ্য ডেইলি স্টার