ঢাকাFriday , 20 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি

স্থগিত হলো তাকি উসমানির বাংলাদেশ সফর

Link Copied!

পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁর সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি সরকার। ফলে ২২ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকা সাত দিনের সফরটি আপাতত হচ্ছে না।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি বলেন, মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের জন্য সরকার প্রয়োজনীয় এনওসি দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনায় সফরটি ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।

মিজানুর রহমান সাঈদ জানান, নির্ধারিত সময়েই সফর আয়োজনের জন্য তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। এমনকি শুক্রবারের মধ্যেই বিষয়টির সমাধান হবে বলে তাঁরা আশা করেছিলেন। তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তার মাধ্যমে সফর না হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়।

তিনি বলেন, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতিতে সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে। তাই শেষ পর্যন্ত সফর স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুফতি তাকি উসমানির বয়স ও শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

সফরের সমন্বয়ক আরও জানান, মুফতি তাকি উসমানি একটি ভয়েস বার্তায় বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি অনুকূলে এলে তাঁর সফরের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুফতি তাকি উসমানির।

এসব আয়োজনের মধ্যে ছিল আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন ও দরসে বুখারি। তাঁর সফর ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, হাদিসবিশারদ ও ফিকহবিদ। ইসলামি অর্থনীতি ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং বিষয়েও তাঁর আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। বাংলাদেশে তাঁর অনুসারী ও ধর্মীয় শিক্ষার্থীদের মধ্যে সফরটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল।

তবে আয়োজকদের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সফর স্থগিত করা হলেও ভবিষ্যতে নতুন তারিখ নির্ধারণের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আয়োজকেরা।