ইরানের বিকল্প ব্যাংকিং নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের কথিত ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এ পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
সোমবার মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। এতে ইরান-সংশ্লিষ্ট আট ব্যক্তি এবং ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংয়ে অবস্থিত ২২টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রায় ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের আর্থিক কার্যক্রম শনাক্ত করেছে ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক। এসব কার্যক্রম ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।
নিষেধাজ্ঞার আওতায় এসেছে প্রায় তিন বছর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে প্রতিষ্ঠিত ‘ইরানি মুদ্রা ও স্বর্ণ বিনিময় প্রতিষ্ঠান’ও। মার্কিন ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী, ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থা দেশটির আন্তর্জাতিক বাণিজ্য থেকে অর্থ স্থানান্তরে ভূমিকা রাখে। এ ব্যবস্থায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ইরান এক্সচেঞ্জ সেন্টার। প্রতিষ্ঠানটি অর্থ ও সম্পদ ইরানের অভ্যন্তরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করার পদক্ষেপকে দেশটির অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর লক্ষ্য বিশ্বজুড়ে ইরানের অর্থনৈতিক স্বার্থ ও আর্থিক নেটওয়ার্কগুলোকে চাপে রাখা।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইসরায়েলের রাজনীতিতে ভিন্নমত দেখা যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট বলেছেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি।
ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইজেনকোট এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান ইসরায়েলি সরকারের জন্য সবচেয়ে গুরুতর হুমকি। তবে এখন এমন কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না, যার কারণে নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অন্যদিকে, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটি ইরানের গুরুতর ও মারাত্মক হুমকির মুখে রয়েছে। এই হুমকিকে অবমূল্যায়ন করা উচিত নয়। ইসরায়েলের সংসদে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যারা তাৎক্ষণিক ও গুরুতর হুমকিগুলোকে তুচ্ছ করে দেখছেন, তাঁরা রাজনৈতিক কারণে এমনটা করছেন।
আগামী ৬ ডিসেম্বরের মধ্যে আইজেনকোটকে নতুন সরকার গঠন করতে হবে। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের কোনো রাজনৈতিক দলই সংসদে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
অন্যদিকে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ইরান এখনো এ চুক্তির সদস্য। যত দিন চুক্তির পক্ষে থাকবে, তত দিন এর আওতায় থাকা বাধ্যবাধকতাগুলো মেনে চলবে।
তবে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার একটি পরিকল্পনা প্রস্তুত রয়েছে। দেশটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলে স্বল্পতম সময়ের মধ্যে পরিকল্পনাটি অনুমোদন করা হবে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অনুরোধের বিরোধিতা করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র হাসান কাশকাউই। তাঁর দাবি, এসব স্থাপনা পরিদর্শনের জন্য সংস্থাটির অনুরোধের কোনো আইনি ভিত্তি নেই।
কাশকাউইয়ের মতে, ইরান, রাশিয়া ও চীনের যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দাবির বিষয়ে তিন দেশের অবস্থান তুলে ধরা হয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো সামরিক আক্রমণের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, তা কূটনৈতিক চাপের মাধ্যমে অর্জনের জন্য সংস্থাটিকে ব্যবহার করতে পারে। সূত্র: বিডি-প্রতিদিন

