রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ওজোপাডিকো। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি। সূত্র: যুগান্তর

