ঢাকাSaturday , 14 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আশুলিয়ার ৪০ পোশাক কারখানা

Link Copied!

শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও কাজে যোগ না দেওয়ার পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও সাতটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। নরসিংহপুর, জামগড়া, জিরাবো, কাঠগড়া বাজারসহ আশপাশের এলাকায় শ্রমিকদের অনেকেই কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যান।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে ৪০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও সাতটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে নিউএইজ গ্রুপ, অরুণিমা গ্রুপ, এনভয় গ্রুপ, ফ্যাশন ডট কম, ক্রসওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল, অ্যাকটিভ কম্পোজিট মিলস, ন্যাচারাল ডেনিমস, মান্তা অ্যাপারেলস, এআর জিন্স প্রডিউসার, চান্তিক গার্মেন্টস, ডিএমসি অ্যাপারেলস, রেডিয়্যান্স নীটওয়্যার, আনাম গার্মেন্টস, ঈগল টেক্সটাইল, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, জিহান গার্মেন্টস, সাউদার্ন গার্মেন্টস, এস টোয়েন্টি ওয়ান গার্মেন্টস, টেক্সটাউন ও রাতুল নীটওয়্যারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কারখানা।

এর আগে শ্রমিকদের কর্মবিরতি, কারখানার ভেতরে বিশৃঙ্খলা ও মারামারির পরিস্থিতির কথা উল্লেখ করে নিউএইজ গ্রুপ ১০ নভেম্বর এবং অরুণিমা গ্রুপ ১২ নভেম্বর থেকে তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরে চলমান অসন্তোষের মধ্যে শনিবার থেকে আরও বেশ কয়েকটি কারখানা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়।

ম্যাকপাই গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) সাব্বির সিদ্দিকী জানান, শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানানো হলেও তাঁরা কাজ না করে চলে যান। সার্বিক পরিস্থিতি ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করার কারণেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানাগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধের এ সিদ্ধান্তে শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।