ঢাকাMonday , 16 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

উপবৃত্তির টাকা অন্যের অ্যাকাউন্টে, জালিয়াতি নিয়ে প্রশ্নের মুখে অধিদপ্তর

Link Copied!

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অন্যের ব্যাংক হিসাবে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইএসআইটি) পলিটেকনিক ইনস্টিটিউটের ১০২ জন উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীর মধ্যে মাত্র ২২ জন টাকা পেয়েছেন। বাকি ৮০ জনের উপবৃত্তির অর্থ কোথায় গেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তির সফটওয়্যারে ব্যাংক হিসাব নম্বর পরিবর্তন করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, বিষয়টি জানাতে কারিগরি শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো সমাধান পাননি তাঁরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা শুধু ‘হ্যাকাররা টাকাটি হাতিয়ে নিয়েছে’ বলে দায় এড়িয়েছেন বলে অভিযোগ তাঁদের। এ ঘটনায় বাইরের প্রতারক চক্রের পাশাপাশি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কিংবা সফটওয়্যার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অবশ্য নতুন নয়। অতীতেও ভুয়া শিক্ষার্থীর তালিকা তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে।

এবার অভিযোগ উঠেছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘ডিটিই স্টাইপেন্ড এমআইএস’ সফটওয়্যারে প্রবেশ করে শিক্ষার্থীদের নাম, বাবার নাম, ব্যাংক হিসাব ও মোবাইল নম্বর পরিবর্তন করা হচ্ছে। এতে উপবৃত্তির অর্থ প্রকৃত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে না গিয়ে অন্য হিসাবে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সফটওয়্যারে কারা প্রবেশ করে এসব তথ্য পরিবর্তন করছে, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আইএসআইটি পলিটেকনিক ইনস্টিটিউট সম্প্রতি শিক্ষার্থীদের উপবৃত্তি না পাওয়ার বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-২০২৫-এর ফলের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ১০২ জন শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেন। তাঁদের মধ্যে মাত্র ২২ জনের উপবৃত্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছে। বাকি ৮০ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাননি।

এদিকে গত এক দশক ধরে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী কমে যাওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ রয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পলিটেকনিকসহ বিভিন্ন ডিপ্লোমা কোর্সের ৭১ শতাংশের বেশি আসন ফাঁকা রয়েছে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী কমেছে ২ লাখ ৬১ হাজার ৪৫৫ জন।

তবে উপবৃত্তি কর্মসূচির ক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে চার লাখ শিক্ষার্থী। নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পাসের হারসংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রায় এক লাখ শিক্ষার্থী উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়েছেন বা তালিকায় তাঁদের সংখ্যা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকার প্রতিবছর সাড়ে চার লাখ শিক্ষার্থীর উপবৃত্তির জন্য প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয় করত। শিক্ষার্থীর সংখ্যা এক লাখ কমে যাওয়ায় এ খাতে ব্যয় নেমে এসেছে প্রায় ৩০০ কোটি টাকায়।

এ অবস্থায় উপবৃত্তির অর্থ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সফটওয়্যারে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের অভিযোগ তদন্তের দাবি উঠেছে। প্রকৃত শিক্ষার্থীরা যেন তাঁদের প্রাপ্য অর্থ পান, সে জন্য দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম