ঢাকাSunday , 15 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কৃষি গুচ্ছের ভর্তি পদ্ধতিতে আসছে পরিবর্তন, উদ্যোগ ইউজিসির

Link Copied!

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। প্রথমবর্ষে ভর্তির সব আসন পূরণ, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

রোববার (১৫ নভেম্বর) ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন তিনি। পরে ইউজিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।

আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান উন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই, সব আসনে শিক্ষার্থী ভর্তি এবং নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে এ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।

সভায় উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে। এতে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা তৈরি হয়। পাশাপাশি একাডেমিক কার্যক্রম শুরু করতেও বিলম্ব ঘটে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান এমন হতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়। এ জন্য আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মতবিনিময় সভায় ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গুরুত্ব কীভাবে নির্ধারণ করা যায়, সে বিষয়টিও আলোচনায় উঠে আসে।

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন ও সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন উপাচার্যরা। কৃষিসংশ্লিষ্ট বিষয়গুলোর পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে অভিন্ন নির্দেশিকা তৈরি এবং কৃষি ডিগ্রিগুলোর মধ্যে সামঞ্জস্য আনার প্রস্তাব দেন তাঁরা। শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি বাড়াতে পাঠ্যক্রমে ক্যারিয়ার উন্নয়ন, গবেষণাপদ্ধতি ও গণিতবিষয়ক কোর্স যুক্ত করার পরামর্শও দেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে আধুনিক ও কর্মমুখী করতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা বাড়াতে হবে। পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদের ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। আগামী শিক্ষাবর্ষে পাঠ্যক্রম আধুনিকায়নে বিশ্ববিদ্যালয়গুলো কী ধরনের উদ্যোগ নিয়েছে, তা জানতে চাওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা গবেষণার মাধ্যমে চিহ্নিত করে কার্যকর সমাধান বের করার আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ। ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে গবেষণাভিত্তিক উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, শুধু সমস্যা তুলে ধরলেই হবে না, সমাধানের পথও বের করতে হবে।

এ জন্য উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দিতে বলেন ইউজিসি চেয়ারম্যান। গবেষণার জন্য পৃথক অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম