চীনের মহাকাশ অভিযানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন একজন বিদেশি নভোচারী। পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাত্রা করে এই ইতিহাস গড়তে যাচ্ছেন। বুধবার শেনঝৌ-২৪ মিশনের মাধ্যমে তাঁর মহাকাশযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মানববাহী মহাকাশ সংস্থার (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মিশনের সময়সূচি জানান। তাঁর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযান যাত্রা শুরু করবে।
মহাকাশযাত্রার আগে নিজের অনুভূতি প্রকাশ করে পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী বলেন, তিনি নিজের কাঁধে পাকিস্তানের নাম এবং ২৫ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা বহন করছেন। মহাকাশে অবস্থানকালে যেসব শিশু তাঁর দিকে তাকিয়ে থাকবে, তাদের উদ্দেশে তিনি বলবেন, আকাশের দিকে তাকাতে এবং মনে রাখতে—তাদের স্বপ্ন নিয়েই তিনি সেখানে গেছেন।
আলী সাবলীলভাবে ম্যান্ডারিন ও উর্দু ভাষায় বক্তব্য দেন। চীনের মহাকাশ স্টেশনে তাঁর অবস্থান হবে প্রায় পাঁচ দিনের। এরপর তিনি শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। ওই মহাকাশযানটি গত মে মাসে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়েছিল।
তবে আলী মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক নন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের গ্যালাকটিক-০৪ মিশনে মহাকাশ ভ্রমণ করেছিলেন। তবে চীনের মহাকাশ কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী হতে যাচ্ছেন আলী।
চীন সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ কর্মসূচিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। দেশটির লক্ষ্য মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমিয়ে আনা। তিয়াংগং মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্বে সাধারণত তিনজন নভোচারীর একটি দল থাকে। প্রতি ছয় মাস পরপর এই দলের সদস্য পরিবর্তন করা হয়।
বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থান করছেন ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝু, লাই কাইইং ও ৪০ বছর বয়সী ঝাং ঝিইউয়ান। লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।
নতুন নভোচারীদের দল তিয়াংগংয়ে পৌঁছানোর পর পাকিস্তানের আলী লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন। তবে ঝু মহাকাশ স্টেশনে থেকে যাবেন। এর মাধ্যমে চীনের ইতিহাসে প্রথমবারের মতো টানা এক বছর মহাকাশে অবস্থানের লক্ষ্য পূরণের চেষ্টা করবেন তিনি। ভবিষ্যতে চাঁদ ও আরও দূরবর্তী মহাকাশে অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এই দীর্ঘমেয়াদি অবস্থানকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
পরবর্তী ছয় মাসের জন্য তিয়াংগং মহাকাশ স্টেশনে ঝুর সঙ্গে থাকবেন ৫১ বছর বয়সী অভিজ্ঞ নভোচারী তাং হংবো এবং ত্রিশের কোঠার শেষ বয়সী উ ই। উ ই প্রথমবারের মতো মহাকাশযাত্রা করতে যাচ্ছেন।
সিএমএসএর মুখপাত্র ঝাং জিংবো জানিয়েছেন, নভোচারীদের বহনকারী লং মার্চ-২এফ রকেটে শিগগিরই জ্বালানি ভরা হবে। নভোচারীরা সুস্থ আছেন এবং মহাকাশ স্টেশনও স্বাভাবিকভাবে কাজ করছে। মিশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্রঃ BSS NEWS

