ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে চলা এ যানজটে আটকা পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে মহাসড়কের কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করছে। দীর্ঘ সময় আটকে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রী ও পরিবহনচালকদের।
যানজটে আটকে থাকা ট্রাকচালক মনিরুল ইসলাম বলেন, জামালদী এলাকা থেকেই তিনি যানজটে পড়েছেন। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তাঁর দেড় ঘণ্টা সময় লেগেছে।
বাসচালক আলী আকবর বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছেন তিনি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।
যানজটে ভোগান্তির কথা জানিয়ে এক বাসযাত্রী বলেন, তিনি ঢাকায় চাকরি করেন। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। অনেক সময় পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে তাঁদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে, সেই প্রশ্নও রাখেন তিনি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরানোর কাজ চলছে। এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত বিকল যানবাহন সরিয়ে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

