ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ

পুলিশের শীর্ষ পদে রদবদল, নতুন দায়িত্বে যারা

Link Copied!

পুলিশের বিভিন্ন ইউনিটের শীর্ষ পদ এবং পাঁচ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদকে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সায়েদকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্বে থাকা ফারুক আহমেদ।

অন্যদিকে, জিএমপির বর্তমান কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে শিল্প পুলিশে পদায়ন করা হয়েছে। শিল্প পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।

এ ছাড়া রেলওয়ে পুলিশের দায়িত্বে থাকা ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জে পদায়ন করা হয়েছে। তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করা আশিক সায়েদের স্থলাভিষিক্ত হবেন।

পাঁচ জেলায় পুলিশ সুপার পদে রদবদল

পুলিশের বিভিন্ন ইউনিটে পরিবর্তনের পাশাপাশি পাঁচ জেলার পুলিশ সুপার পদেও রদবদল করা হয়েছে। জেলাগুলো হলো নীলফামারী, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনা।

প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে বিশেষ পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষ শাখার (এসবি) উপপরিচালক (এসপি) মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাঁকে নেত্রকোণার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে নতুন প্রজ্ঞাপনে আগের সেই আদেশ বাতিল করা হয়েছে।

এ ছাড়া জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাকে জামালপুরে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নেত্রকোণার পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলির বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জারি করা আগের আদেশটিও বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এসব বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।