ঢাকাMonday , 9 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া

Link Copied!

আতশবাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আতশবাজি পোড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই তাঁর এমন বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) কলকাতার টালিগঞ্জে একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন পাপিয়া অধিকারী। এ সময় মঞ্চে তাঁর সামনেই বিকট শব্দে একটি বাজি ফেটে যায়। তবে এতে বিচলিত না হয়ে হাসিমুখে বক্তব্য চালিয়ে যান তিনি। একপর্যায়ে দাবি করেন, বাজি ফাটানোর ফলে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যেতে পারে।

তাঁর এ মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন। বিশেষ করে আতশবাজির ধোঁয়া ও শব্দের কারণে পরিবেশ এবং জনস্বাস্থ্যের ক্ষতি নিয়ে যখন আলোচনা চলছে, তখন একজন জনপ্রতিনিধির এমন দাবি নতুন করে বিতর্ক তৈরি করে।

একই অনুষ্ঠানে উৎসবের সময় আতশবাজি পোড়ানোর পক্ষেও বক্তব্য দেন বিজেপির এই বিধায়ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বাজি ফাটানোর কথা বলেছেন। বাজি ছাড়া কালীপূজা সম্পূর্ণ হয় কি না, সেই প্রশ্ন তুলে তিনি জানান, উৎসবে বাজি পোড়ানো হবে। তবে পুলিশ প্রশাসনের নির্দেশনা ও প্রচলিত নিয়ম মেনেই তা করা উচিত।

এর আগে কলকাতার আমহার্স্ট স্ট্রিট ও খালিষানিসহ বিভিন্ন এলাকার কালীপূজার মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে আতশবাজি ব্যবহারের বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি উৎসবের সময় বাজি পোড়ানোর পক্ষে অবস্থান জানালেও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন। পরিবেশের ক্ষতি কমাতে সাধারণ মানুষকে পরিবেশবান্ধব বা ‘সবুজ বাজি’ ব্যবহারের আহ্বানও জানান তিনি।

তবে পাপিয়া অধিকারীর রোগ নিরাময়সংক্রান্ত মন্তব্যের পক্ষে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মতে, আতশবাজির ধোঁয়া ও ক্ষতিকর সূক্ষ্ম কণা শ্বাসতন্ত্রের সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য এসব দূষণ ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিতর্কের মুখে পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন পাপিয়া অধিকারী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, এ ধরনের ধারণা পূর্বপুরুষদের প্রচলিত বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। তবে বর্তমান যুগে বিজ্ঞানের অগ্রগতির পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য যথাযথ নয় বলেও স্বীকার করেন তিনি। তাঁর মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন এবং বক্তব্য প্রত্যাহারের কথাও জানান।

সূত্র: এনডিটিভি,